খুলনা | শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০৬:১৬ পি.এম | ২৬ জুন ২০২৬

 

চট্টগ্রামের শহরে ও রাউজান উপজেলায় পৃথক দুই ঘটনায় সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এসব ঘটনা ঘটে।

রাউজান থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিক মারা যান।

নিহতরা হলেন- রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। প্রদীপ বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে সমীরণ দাশও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন বেলা দুইটার দিকে নগরের ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। তাদের একজনের নাম সাকিব। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ