খুলনা | রবিবার | ২৮ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩

বাজারে চালসহ সব নিত্যপণ্যের দাম স্থিতিশীল: খাদ্য প্রতিমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৩:১৯ পি.এম | ২৭ জুন ২০২৬

 

বাজারে চালসহ সব ধরনের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটি এখন ঠিক করা হচ্ছে। জ্বালানি নিয়েও আমরা সংকটে ছিলাম। এ কারণে দীর্ঘমেয়াদি সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, মূল্যস্ফীতি তত কমবে। বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। হঠাৎ করে বলা হলো, চালের দাম বেড়ে গেছে। কিন্তু আমরা বাজারে গিয়ে দেখেছি, চালের দাম স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, দেশে আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ করে দিলে দেশ আরও উন্নত হবে।

সুশাসনের প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সুশাসনের বিষয়টি সামনে এসেছে। সব নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা এবং মেধার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মেধাবী, সৎ ও দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। গত ১৭ বছরে প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই অবস্থা থেকে উত্তরণে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, বাজেটের একটি টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহার হলে কর্মসংস্থান বাড়বে, দেশের আয়ও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আমরা উন্নত দেশের পথে এগিয়ে যেতে পারব।

প্রিন্ট

আরও সংবাদ