খুলনা | রবিবার | ২৮ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩

খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সন্ত্রাসী ও চাঁদাবাজি দখল-লুটপাট প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:২৫ এ.এম | ২৮ জুন ২০২৬


সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দখল, লুটপাট, হামলা, চাঁদাবাজি, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খাদিজা বেগম (৩৮)। শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। খাদিজা বেগম খুলনা মহানগরের খালিশপুর থানাধীন পোর্ট কলোনি বন্ধ গেট সংলগ্ন কাদের সরদারপাড়ার বাসিন্দা এবং আলাউদ্দিন ভূঁইয়া ও সাহেরা বেগমের মেয়ে। লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের বরাদ্দকৃত প্লট নং-১০২ ও ১০৩-এর জলাশয় বৈধ চুক্তির মাধ্যমে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এ জন্য তিনি বার্ষিক ১৩ হাজার টাকা ভাড়া পরিশোধের পাশাপাশি ৫০ হাজার টাকা অগ্রিম জমা দেন। একইসঙ্গে জলাশয়ের পাশে একটি টং দোকানে মুদি ব্যবসা পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
তিনি অভিযোগ করেন, একই এলাকার মালেক মিয়া (৫৫), আশিকুর রহমান অশোক (৫৩), বাবলু (৪৬) এবং জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর (৪০) জোরপূর্বক তার লিজকৃত জলাশয় দখল করে নেয়। এ সময় ঘেরে থাকা প্রায় ৫ লাখ টাকা মূল্যের মাছ বিক্রি করে দেয় এবং পরবর্তীতে পুরো জলাশয় নিজেদের দখলে নিয়ে ভোগদখল করে আসছে। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করেও তিনি কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জেলা প্রশাসক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার বৈধ লিজকৃত জলাশয় দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়া, প্রায় ৫ লাখ টাকা মূল্যের মাছ ও লুট হওয়া মালামালের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তা প্রদানের দাবি জানান।

প্রিন্ট

আরও সংবাদ