খুলনা | রবিবার | ২৮ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হলেন খুলনার হাফেজ আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ২৮ জুন ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পুনরায় প্রেসিডিয়াম সদস্য ও নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল এ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে নির্বাচন-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং দল পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর অনুমোদনক্রমে হাফেজ মাওলানা আব্দুল আউয়ালকে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও নায়েবে আমীর পদে মনোনীত করা হয়।
হাফেজ মাওলানা আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন দক্ষ সংগঠক ও প্রাজ্ঞ আলেম হিসেবে সর্বমহলে পরিচিত। তার এই মনোনয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনান্তে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী রাজনীতির জন্য দলকে আরো সুসংহত করতে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বিশেষ শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরার অধিবেশনে ২০২৫-২৬ সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। রাজনৈতিক কৌশল ও পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
প্রতিবেদন উপস্থাপনের পরে শুরার সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল, পীর সাহেব চরমোনাই। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। এর সাথে চারজন যুগ্ম-মহাসচিব ও চারজন সহকারী মহাসচিব ও ৪৮ সদস্যের নাম ঘোষণা করা হয়।
বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে শুরা অধিবেশনে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয়। পরবর্তীতে তাদের দফতর বন্টন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ