খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

খবর প্রতিবেদন |
০৩:৩৭ পি.এম | ২৮ জুন ২০২৬

 

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

এরমধ্যে সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর গত ২১ জুন তাকে প্রত্যাহারের পরদিন (২২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ডিসির দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনা সিলেটসহ সারাদেশে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সরওয়ার আলমকে ‘জনতার ডিসি’ দাবি করে তাকে পুনর্বহালের দাবি তোলে সিলেটের সাধারণ জনতাসহ বিভিন্ন পক্ষ।

সরওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনও হয় সিলেটে। তাকে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সেসব কর্মসূচি থেকে।

কিন্তু পুনর্বহাল হননি সরওয়ার আলম। বরং এক সপ্তাহের মাথায় নতুন ডিসি পেল সিলেটবাসী।

নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসান সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রিন্ট

আরও সংবাদ