খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সনাতন ধর্মাবলম্বী আটক

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০৫:০০ পি.এম | ২৮ জুন ২০২৬


ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস (৪৮) নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) বেলা ১২টার দিকে শহরের কলেজ রোডে সুবোধ দেবনাথের তন্ময় স্টোর নামে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে চা পান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় উপস্থিত একজন বলেন, ইসলাম শান্তির ধর্ম। অভিযোগ রয়েছে, এর পরপরই প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম সম্পর্কে মুখ খিস্তি করে আপত্তিকর মন্তব্য করেন। এতে সেখানে উপস্থিত কয়েকজন মুসলিম প্রতিবাদ জানালে তিনি দ্রুত স্থান ত্যাগ করে বাড়িতে চলে যায়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এরশাদ ও আরিফ হোসেন বলেন, তারা চায়ের দোকানে বসে চা পান ও গল্প করছিলেন। এ সময় প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তারা এর প্রতিবাদ করলে তিনি দ্রুত সেখান থেকে চলে যায়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ