খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মাদক সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:০০ এ.এম | ২৯ জুন ২০২৬


সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানিক দলের সদস্য কর্তৃক সীমান্তে পৃথক অভিযানে উদ্ধারকৃত ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্র্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশ মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়। বাইরের দেশ থেকে মাদকদ্রব্য আমাদের দেশে এসে তা আবার চলে যায় অন্য দেশে। এর মধ্যে অল্প কিছু মাদকদ্রব্য আমাদের দেশে ব্যবহৃত হয়। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কোন একক সংস্থা বা প্রতিষ্ঠানের কাজ নয়। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও সকল সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। 
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, বলেন, মাদকদ্রব্যের সাথে আটক ব্যক্তি বা এর বাহক কোন সময় তাদের গডফাদারের নাম বলেনা। যদি সঠিকভাবে তদন্ত করে মাদক চোরাচালানের গডফাদারদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া যায় তাহলে আমাদের মাদক নির্মূল করার প্রত্যাশা পূরণ হবে। মাদকের ভয়াবহতা কমাতে তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান পিএসসি, সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ, সাতক্ষীরা  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ প্রমুখ। 
সভায় স্বাগত বক্তব্যে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিদ্যমান বিওপিসমূহ এবং ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জন আসামিসহ ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মদ ৩,৭৯১ বোতল, ফেনসিডিল ও সমগোত্রীয় নেশাজাতীয় মাদক ৪,৫২৪ বোতল, ইয়াবা ৪৭,২৭০ পিস, বিড়ি/সিগারেট ৬,০৭,৭৬৯ পিস, গাঁজা ৩৩.৪০০ কেজি, বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ ৬৩,১৩,১২০ পিস, তামাকের গুঁড়া ৩৫ কেজি, লিকুইড সীসা ২ বোতল এবং মাদক তৈরীতে ব্যবহৃত বট পাতা ১০০ কেজি ধ্বংস করা হয়। এছাড়াও  দুর্লভ ও অধিক মল্যের মাদকের মধ্যে ছিল এলএসডি ৭২.৫০ মিঃলিঃ, ক্রিস্টাল মেথ আইস/আইস মেথ ৮.৫৮৩ কেজি এবং আফিম তৈরী করার কেমিক্যাল ২০ বোতল।
বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত বিভিন্ন প্রাণঘাতী মাদকদ্রব্য জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ ধরনের ধ্বংস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা,  র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে দৃঢ় হস্তে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ