খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

অনুদানপ্রাপ্তদের তালিকায় এমপির মেয়ের নাম

দায়িত্বে অবহেলায় নড়াইল-২ আসনের সংসদ সদস্যের পিএস বরখাস্ত

নড়াইল প্রতিনিধি |
০২:০৬ এ.এম | ২৯ জুন ২০২৬


নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার কন্যার নাম দুই জায়গায় থাকার অভিযোগে সমালোচনার পর তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয় দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৮ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে। এর আগে নড়াইল-০২ আসনের জন্য সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের কন্যা ফাইজার নাম দুই জায়গায় থাকার অভিযোগ ২৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা অনুদান মঞ্জুরিপত্রে দেখা যায় উপকারভোগীদের তালিকায় সংসদ সদস্যর মেয়ে ফাইজার নাম পৃথক দুই স্থানে রয়েছে। পিতার নামের স্থানে আতাউর রহমান বাচ্চুর নাম বিভক্ত করে মোঃ বাচ্চু এবং অপর স্থানে মোঃ আতাউর নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য জাতীয় সংসদ  সংসদ সচিবালয়ের হিসাব শাখা থেকে ১৪ জুন ২০২৬ তারিখে জারি করা চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। নথি অনুযায়ী নড়াইল-০২ আসনে অনুদানপ্রাপ্তদের তালিকায় ২১ জনের নাম উল্লেখ করা হয় । তার মধ্যে সংসদ সদস্যের নিজের মেয়ের তালিকার ১ নম্বরে ও একই তালিকায় ৮ নম্বরে রয়েছে। দুই জায়গায় পৃথক ভাবে ১০+১০=২০  হাজার টাকা অনুদান বরাদ্দের উল্লেখ করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ