খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবির প্রফেসর মাহমুদুল হাসান

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ২৯ জুন ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছর মেয়াদে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রফেসর শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্র“য়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। একাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি জার্মানির ইউনিভার্সিটি অব লিপজিগের সঙ্গে কাজ করেছেন। 
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর শেখ মাহমুদুল হাসান। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। বিভিন্ন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজ, একাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি-নির্ধারণী কমিটির পাশাপাশি তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “প্রফেসর শেখ মাহমুদুল হাসান একজন মেধাবী শিক্ষক ও দক্ষ প্রশাসক। দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর এই নিয়োগ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, সততা ও পেশাদারিত্ব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করছি।”
অনুরূপভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ