খুলনা | মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

জাপান-ব্রাজিল ম্যাচের ফল জানিয়ে দিল সুপার কম্পিউটার

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৪ পি.এম | ২৯ জুন ২০২৬

 

বিশ্বকাপের নকআউট মানেই অগ্নিপরীক্ষা, এক ভুল আর বাড়ি ফেরার টিকিট নিশ্চিত। আজ শেষ বত্রিশে এমনই এক হাইভোল্টেজ ম্যাচে ‘ব্লু সামুরাই’ খ্যাত জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের দাপট দেখিয়ে আসা সেলেসাওরা কি পারবে অভিজ্ঞতার জোরে জাপানিজদের বাধা টপকাতে, নাকি অঘটনের অপেক্ষায় থাকা জাপান দেখাবে নতুন চমক?

গ্রুপ সি-তে দুর্দান্ত পারফরম্যান্স করে শীর্ষে থেকেই নকআউটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। মরক্কোর সঙ্গে হোঁচট খেলেও হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ভিনিসিয়ুস জুনিয়র ৪ গোল আর মাতেউস কুনিয়া ৩ গোল করে প্রমাণ করেছেন ব্রাজিলের আক্রমণভাগ কতটা ধারালো।

তবে দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য রাফিনহাকে হারিয়েছে ব্রাজিল। তার শূন্যস্থান পূরণে আজ ডানপ্রান্তে দেখা যেতে পারে তরুণ তুর্কি রায়ানকে। অন্যদিকে দীর্ঘদিন পর স্কটল্যান্ড ম্যাচে বদলি হিসেবে নামা নেইমার আজ কি শুরু থেকেই খেলবেন। তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতুহলের শেষ নেই।

জাপান দল এখন যেকোনো বড় দলের জন্য ত্রাস। শেষ ২৮টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুটি পরাজয় তাদের শক্তিমত্তার জানান দেয়। তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এবং নেদারল্যান্ডস-সুইডেনের মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করে তারা গ্রুপ রানার-আপ হয়ে নকআউটে পা রেখেছে।

তাদের মূল ভরসা দাইচি কামাদা এবং আয়াসে উয়েদা। পরিসংখ্যান বলছে, জাপান ম্যাচের শুরুতেই গোল তুলে নিতে ওস্তাদ, তাদের শেষ ৮ ম্যাচের ৭টিতেই তারা প্রথম গোল করেছে। ফলে ব্রাজিলের রক্ষণভাগকে আজ শুরু থেকেই থাকতে হবে সতর্ক।

বিশ্বকাপ মঞ্চে এই দুই দলের অতীত লড়াই খুব বেশি নেই। ২০০৬ বিশ্বকাপে প্রথম ও শেষবার দেখা হয়েছিল, যেখানে ব্রাজিল জিতেছিল ৪-১ গোলে। তবে ২০২৫ সালের কিরিন কাপে ৩-২ গোলের জয় জাপানের বাড়তি সাহস হতে পারে। যদিও বিশ্বকাপের নকআউটের চাপ বন্ধুসুলভ ম্যাচের চেয়ে সম্পূর্ণ আলাদা।

পরিসংখ্যানের জটিল হিসাব আর অপটার সুপার কম্পিউটার বলছে, আজ জয়ের পাল্লা ভারী ব্রাজিলের দিকেই। ১০ হাজারবার সিমুলেশন চালিয়ে দেখা গেছে, সেলেসাওদের জয়ের সম্ভাবনা প্রায় ৬৯.৭৫ শতাংশ। তবে ফুটবলের মাঠে পরিসংখ্যানের চেয়েও আবেগ আর কৌশলের জয়টাই শেষ পর্যন্ত আসল।

এখন দেখার বিষয়, নেইমার-ভিনিদের ঝলক নাকি জাপানিজদের সুশৃঙ্খল রক্ষণ, কার হাসি চওড়া হয় শেষ বাঁশি বাজার পর! 

প্রিন্ট

আরও সংবাদ