খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

আরও ৩টি নতুন উপজেলা এবং ১ থানার অনুমোদন

খবর প্রতিবেদন |
০৩:২৬ পি.এম | ০১ জুলাই ২০২৬

 

প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

উপজেলা তিনটি হলো- চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনিসংহের পাগলা। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

নিকারের প্রস্তাব অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা’ থানা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় নতুন উপজেলা ও থানা গঠনের প্রস্তাবগুলো অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিকারের অনুমোদন পাওয়া এসব প্রস্তাব পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে। প্রজ্ঞাপন প্রকাশের পর নতুন উপজেলা ও থানার প্রশাসনিক সীমানা, কার্যক্রম এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, নিকারের বৈঠকে তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ