খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছরের শিশু উদ্ধার

খবর প্রতিবেদন |
০৪:৪৭ পি.এম | ০১ জুলাই ২০২৬


ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সি এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি উদ্ধারকারী দল।

মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার পর উদ্ধারকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটিকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে এক বিবৃতিতে জানায় জর্ডানের সিভিল ডিফেন্স।

আরেকটি ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সে শিশুটির মুখ টিস্যু দিয়ে পরিষ্কার করে তাকে একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। তবে সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার ছয় দিন পর শিশুটিকে জীবিত উদ্ধার করা একটি ‘বিরল’ ঘটনা।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং তার জীবনচিহ্ন (ভাইটাল সাইন) স্বাভাবিক ছিল। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

গত সপ্তাহে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বহু আবাসিক ভবন ধসে পড়ে। এতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয় এবং কয়েক হাজার মানুষ নিখোঁজ হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়।

রাজধানী কারাকাসের উত্তরের লা গুয়াইরা এলাকায় বহু ভবন সম্পূর্ণ ধসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট মঙ্গলবার জানান, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সূত্র: আরব নিউজ

প্রিন্ট

আরও সংবাদ