খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

মেক্সিকোর বিশ্বকাপ জয়োল্লাসে ট্রাজেডি

অতিরিক্ত ভিড়ে দম আটকে ৩ জনের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৯ এ.এম | ০২ জুলাই ২০২৬


ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ জিতেছে মেক্সিকো। এই ঐতিহাসিক জয় উদ্যাপনে মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসে লাখো মানুষের ঢল। তবে সেই বাঁধভাঙা আনন্দ রূপ নেয় বিষাদে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের সেই আনন্দ মিছিলে অতিরিক্ত ভিড়ের চাপে দম আটকে এক তরুণীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি।
মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন।
দেশটির এই ঐতিহাসিক জয় উদ্যাপনে রাজধানী মেক্সিকো সিটির সেন্ট্রাল ডাউনটাউনের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হয়। সেখানে অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দিয়ে দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন এবং পরিবারগুলো ইতিমধ্যেই লাশ শনাক্ত করেছে।
এই ঘটনায় মেক্সিকো সিটির সরকার প্রধান ক্লারা ব্র“গাডা মলিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের রাষ্ট্রীয় সহায়তা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ