খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ০২ জুলাই ২০২৬


সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ১ হাজার ৩৪২ কেজি বাগদা চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামের এক বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১টি  ক্যারেটে ভর্তি ১৩৪২ কেজি বাগদা চিংড়ি, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়িগুলো বিনষ্টের আদেশ দেন। এসময় রাস্তায় গাড়ির চাকায় পিষ্টে ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বাগদা চিংড়িগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান, অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ