খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

তালায় আবারও শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

তালা প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ০২ জুলাই ২০২৬


তালা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি খলিলনগর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শিবপুর গ্রামের সেলিম সরদারের ছেলে রিয়াদ সরদার (৮) কে গত ২৯ জুন দুপুর ২টার দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন কানের ডান পাশে জোরে চড় মারে। ফলে তার কান দিয়ে রক্তপাত ঘটে। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে রিয়াদ ঘটনাটি তার বাবা-মাকে জানায়। পরদিন ৩০ জুন শিশুটিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে রিয়াদের বাবা-মা সিদ্ধান্ত নেন, ওই বিদ্যালয়ে আর তাকে পড়াবেন না। এজন্য তারা বিদ্যালয়ে গিয়ে সরকারি বই ফেরত দিতে যান। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন অভিভাবকদের ম্যানেজ করে বাড়িতে পাঠান।  
রিয়াদ সরদার ও তার বাবা সেলিম সরদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  রহিমা খাতুন এ ধরনের ঘটনা আর ঘটবেন না মর্মে তাদের আশ^স্ত করেন। এ বিষয়ে মোবাইল ফোনে উক্ত প্রধান শিক্ষকের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করেন। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার তালা,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তালা দৃষ্টি আকর্ষণ করে তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।  

প্রিন্ট

আরও সংবাদ