খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

তালায় বাসের চাকায় পিষ্টে স্কুলশিক্ষার্থী ছেলে নিহত, শিক্ষক বাবা আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ০২ জুলাই ২০২৬


সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা স্কুল শিক্ষক কানাই লাল সরদার। বুধবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কে শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল রায় সরদার তালা উপজেলার নলতা গ্রামের কানাইলাল সরদারের ছেলে। সে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহত কানাই লাল সরদার তালা উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গেছে, চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত। প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, স্কুল শিক্ষক  কানাই লাল সরদার ছেলে কুশল রায় সরদারকে নিয়ে একটি মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কের শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আস খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী কুশল রায়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বাবা কানাইলাল সরদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ মর্মান্তিক দুর্ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয়দের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। 
তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ