খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা এমপি লবি

মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের কোন ঠাঁই হবে না ডুমুরিয়া-ফুলতলার মাটিতে

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ০২ জুলাই ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোন ছাড় দেয়া হবে না। মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের কোন ঠাঁই  হবে না ডুমুরিয়া ফুলতলার মাটিতে। তিনি মাদক নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, যুবসমাজ আজ ধ্বংসের পথে। মাদকে ছেয়ে গেছে গোটা সমাজ। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। প্রধানমন্ত্রী মাদককে জিরোটলারেন্সের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে মাদক মুক্ত সমাজ গড়া খুব সহজ ব্যাপার। আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে অতীতের কারো মতো মাদকের ভাগ বাটোয়ারার মধ্যে নেই। সুতরাং মাদককে এলাকা থেকে দূর করতে হবে।
গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি, বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এরপর ডুমুরিয়া উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আলি আসগার লবি এমপি ।
এ সময়ে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতি করে। আমরা এলাকায় কাজ করতে চাই। সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে সুস্থ পরিকল্পনা ও বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে উপজেলার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

প্রিন্ট

আরও সংবাদ