খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

প্রথম হার দেখবেন মেসির আর্জেন্টিনা: পূর্ব তিমুর প্রেসিডেন্ট

ক্রীড়া প্রতিবেদক |
০১:৫৫ পি.এম | ০২ জুলাই ২০২৬

 

ফুটবল বিশ্ব যখন আর্জেন্টিনার দাপট দেখে অবাক, তখন কয়েকজন অদ্ভুত ভবিষ্যদ্বাণী করে চলেছেন কেপ ভার্দে নাকি বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিতে পারে! শক্তি-সামর্থ্যে একেবারে এগিয়ে থাকা আলবিসেলেস্তেদের বিপক্ষে এমন দাবি শুনলে হাসি পায়, কিন্তু কিছু মানুষ এটাকে বিশ্বাস করছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষে, আর কেপ ভার্দে আছে ৬৭ নম্বরে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টানা তিন ম্যাচ জিতে অপরাজিত। লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে আছেন, ৬ গোল করে এমবাপ্পের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। এমন অবস্থায় কেপ ভার্দের কাছে হারের কথা কল্পনাও করা কঠিন।

তবু কেউ কেউ বিশ্বাস করছেন। ঘানার বিখ্যাত ওঝা নানা কোয়াকু বনসাম বলেছেন, শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে। শুধু তিনিই নয়, কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসও আশাবাদী। বিবিসিকে তিনি বলেছেন, “আমরা ১-০ গোলে জিততে পারি। যখন কোনো দলের ওপর প্রত্যাশা কম থাকে কিন্তু জেতার ক্ষুধা বেশি, তখন অনেক অসম্ভব ঘটনা ঘটে যায়।”

আরও অবাক করা কথা হলো, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও আর্জেন্টিনার হার দেখছেন। তিনি বলেন, “মেসি এবার প্রথম হারের স্বাদ পাবেন। কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলাররা পেরে উঠবে না।”

তিনি আরও ব্যাখ্যা দিয়ে বলেছেন, কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক শক্তি অসাধারণ। তাদের ঐতিহ্যবাহী খাবার ‘কাচুপা’য় ভুট্টা, শিম, মাংসসহ উচ্চ প্রোটিনযুক্ত উপাদান থাকে। কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা অদ্ভুত সহনশীলতা গড়ে তুলেছে। তাই তিনি বিশ্বাস করেন, কেপ ভার্দে ইতিমধ্যেই জয়ের দিকে এগিয়ে আছে।

আগামী ৪ জুলাই ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন দেখার জন্য, ওঝা আর প্রেসিডেন্টদের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না!

প্রিন্ট

আরও সংবাদ