খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

সাংবাদিকের ঘরে সন্তান, প্রীতি জিনতাকে বিয়ে— আমিরের যত নারী কাণ্ড

খবর বিনোদন |
০৩:২২ পি.এম | ০২ জুলাই ২০২৬


আর মাত্র তিনদিন পর দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। প্রেমের সম্পর্কের কারণে গণমাধ্যমের শিরোনাম হওয়া নতুন কিছু নয়। এর আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি।

আমির খানের জীবনের আলোচিত প্রেম ছিল রিনা দত্তের সঙ্গে। দুজনেই ছিলেন একই এলাকার বাসিন্দা। কৈশোরে তাঁদের মন দেওয়া-নেওয়া শুরু হয়। আমির নিজে স্বীকার করেছিলেন, তিনিই প্রথম রিনার প্রেমে পড়েছিলেন। দুই পরিবারের আপত্তি সত্ত্বেও ১৯৮৬ সালে গোপনে রিনাকে বিয়ে করেন আমির। তাঁদের সংসারে জুনেইদ খান ও আইরা খান নামের দুই সন্তান রয়েছে। নব্বইয়ের দশকে তাঁদের সুখী দম্পতি হিসেবেই দেখত সবাই। কিন্তু পেশাগত ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারতেন না আমির। অবশেষে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যের অবসান ঘটিয়ে ২০০২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। তবে সন্তানদের কথা চিন্তা করে এখনও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

রিনা দত্তের সঙ্গে সংসার চলাকালীন বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে আমিরের নাম জড়িয়েছিল। ১৯৯১ সালে ‘দিল হ্যায় কে মানতা নেহি’ সিনেমার পর পূজা ভাটের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ওঠে। যদিও পূজা একে বন্ধুত্ব বলে উড়িয়ে দিয়েছিলেন। ১৯৯৫ সালে ‘বাজি’ সিনেমার শুটিংয়ের সময় মমতা কুলকার্নির সঙ্গে এবং ২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’ মুক্তির পর প্রীতি জিনতার সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমনকি সে সময় প্রীতির সঙ্গে আমিরের গোপন বিয়ের খবরও রটেছিল।

নব্বইয়ের দশকে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে আমিরের লিভ-ইন রিলেশনশিপ এবং তাঁদের একটি সন্তান থাকার দাবি করে ২০০৫ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যদিও আমির এ নিয়ে কখনও মুখ খোলেননি। এছাড়া ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমা মুক্তির পর অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক চর্চা হয়। শোবিজ অঙ্গনে গুঞ্জন আছে, ফাতিমার সঙ্গে ঘনিষ্ঠতার জেরে আমিরের দ্বিতীয় সংসার ভেঙেছিল।

২০০১ সালে ‘লগান’ সিনেমার সেটে সহকারী পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বন্ধুত্ব হয়। পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। ২০০৫ সালের ডিসেম্বরে এক ঘরোয়া আয়োজনে কিরণকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে দম্পতির ঘরে আসে পুত্রসন্তান আজাদ রাও খান। কিন্তু এই সংসারটিও টেকেনি। ২০২১ সালের জুলাইয়ে দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন তাঁরা।

কিরণের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ চার বছর একাই কাটিয়েছেন আমির। বিভিন্ন সময় সম্পর্কের গুঞ্জন উঠলেও নিরব থেকেছেন তিনি। নিজের একাকিত্ব ঘুচাতে মন দেন গৌরী স্প্র্যাটকে। গেল বছর নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন এই তারকা। সে সময় তিনি জানান, বহু বছর আগে থেকে তাঁদের পরিচয় থাকলেও মাঝে যোগাযোগ ছিল না। পরবর্তীতে আবার যোগাযোগ হলে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। সবকিছু ঠাক থাকলে আগামী ৫ জুলাই দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের সানাই বাজতে চলেছে।

ব্যক্তিগত জীবন ছাড়াও আমিরের বিপুল সম্পত্তি সবসময় সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে থাকে। বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,৮০০ থেকে ২,০০০ কোটি টাকা। মুম্বাইয়ের বান্দ্রা ও পালি হিলে তাঁর বিলাসবহুল বাড়ি ছাড়াও মহারাষ্ট্রের পঞ্চগনিতে রয়েছে একটি বিশাল খামারবাড়ি। 

প্রিন্ট

আরও সংবাদ