খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

বাড়ির সামনে দাঁড়িয়েছিল কিশোরী মোটরসাইকেলে এসে পায়ে গুলি

নিজস্ব প্রতিবেদক |
০৮:৪০ পি.এম | ০৩ জুলাই ২০২৬

নগরীর রূপসা ভেড়িবাঁধ এলাকায় ইতি নামের এক কিশোরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭টায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে। ইতি ভেড়িবাঁধ রোডের বাসিন্দা জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে খুলনা সদর থানার এসআই আব্দুস সাত্তার জানান, ইতি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করা আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার বাঁ পায়ে বিদ্ধ হয়। তিনি বলেন, জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ। কী কারণে কিশোরীকে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।
এর আগে গত ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামের যুবককে গুলি করে সন্ত্রাসীরা। এর আগে, ২৮ জুন রাতে নগরীর গল­ামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় তাঁকে গুলি করা হয়। দু’টি ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উলে­খ্য, খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ