খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

আ.লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:২০ পি.এম | ০৪ জুলাই ২০২৬

 

শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহিদের খতিয়ান হাসপাতালগুলো রক্ষা করতে পারেনি। ডকুমেন্টস গায়েব করা হয়েছে। বেওয়ারিশ মরদেহ হিসেবে শহিদদের দাফন করা হয়েছে। তাই জাতিসংঘের রিপোর্ট ও বাংলাদেশের গেজেটে শহিদদের সংখ্যায় অমিল।’

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন মামলা ২৭টি, ৭২টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গণহত্যার পরও শেখ হাসিনার অনুশোচনা নাই। জুলাই যোদ্ধাদের জঙ্গি তকমা দিচ্ছে, এর চেয়ে লজ্জার কিছু নাই। বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে।’

তিনি বলেন, ‘বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে, নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে। অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজের নির্বাসিত থাকার বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান ও আমি নির্বাসিত না থাকলে হয়তো জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। এটাই পর্দার অন্তরালের কথা।’

তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক, অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’

প্রিন্ট

আরও সংবাদ