খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনাকে কোণঠাসা করে গর্বিত কেপ ভার্দে

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৩ পি.এম | ০৪ জুলাই ২০২৬

 

কেপ ভার্দে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে স্পেনকে বোতলবন্দি করে রেখেছিল। ইউরোপ চ্যাম্পিয়নদের রুখে দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছিল, তারা শুধু অংশ নিতে আসেনি। তারপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবকে রুখে দিয়ে আর্জেন্টিনাকে সতর্ক করেছিল তারা। প্রথম বিশ্বকাপ, প্রথম নকআউট, প্রতিপক্ষ দল বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু দমে যায়নি। আর্জেন্টিনার ঘাম ছুটিয়ে ৩-২ গোলে হেরেছে কেপ ভার্দে।

প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে শেষ ৩২ এ ছিটকে যাওয়ার পর স্বাভাবিকভাবে গর্বিত কেপ ভার্দে কোচ বুবিস্তা। দলের পারফরম্যান্স নিয়ে বুক ভরা গর্বের কথা জানালেন এবং বললেন, তারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে যাচ্ছেন।

ব্লু শার্কদের হেড কোচ বললেন, ‘দল ও স্টাফদের গর্ব হওয়ার মতো ব্যাপার এটা। আমি মনে করি আমরা আমাদের দেশকে সম্মান এনে দিয়েছি। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেললাম, দুইবার সমতা ফেরালাম এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিলাম।’

আর্জেন্টিনার তিন গোলের দুটি এসেছে সেট পিস থেকে। আর এই জায়গায় নিজেদের ভোগান্তির কথা জানালেন বুবিস্তা, ‘একটি সেট পিসের কারণে আমরা খেলায় হারলাম। কিন্তু সবকিছু ছাপিয়ে আমরা খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের দেশ মর্যাদা দেখিয়েছে। আমরা আমাদের চরিত্র ও পরিচয় দেখালাম।’

প্রিন্ট

আরও সংবাদ