খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

ভাণ্ডারিয়ায় অভিযানে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ০৪ জুলাই ২০২৬


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া জাল বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকার চারটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
উপজেলা প্রশাসন জানায় গোপন সংবাদের ভিত্তিতে চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে চায়না দুয়ারি, চাই বুসনা, চরঘেরা ও ছোট বাঁধা জালসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এসব জাল দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পরে জব্দ করা জাল স্থানীয় লঞ্চঘাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় চার গোডাউন মালিকের মধ্যে দু’জনকে পাওয়া গেলেও অপর দুজন পালিয়ে যান। উপস্থিত দু’জন হলেন জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার রেজওয়ান খান (২৫) এবং ভাণ্ডারিয়া সদরের জয়নাল হাওলাদার (৬০)। তাঁদের ভবিষ্যতে নিষিদ্ধ জালের ব্যবসা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ