খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

দুই দফা দাবি আদায়ের লক্ষে

সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৩ পি.এম | ০৪ জুলাই ২০২৬


বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ লক্ষে শনিবার দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। শোভাষিণী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মোঃ আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখার পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান, জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সারাদিন অফিসে কাজ করেও মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতন পাই, যা দৈনিক হিসেবে মাত্র ১৫০ টাকা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে এই সামান্য টাকায় পরিবার চালানো আমাদের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চাকরি করেও আমাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না। বক্তারা আরও জানান, এর আগে দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন ২ দফা দাবির মধ্যে রয়েছে, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করা। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের ৮,৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।  দেশের ডাক সেবা সচল রাখতে এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের শীর্ষ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
 

প্রিন্ট

আরও সংবাদ