খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ার রুদাঘরার সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:১২ এ.এম | ০৫ জুলাই ২০২৬


ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম রুদাঘরা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি. এম আমানউল্ল¬াহ’র বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় রাত আড়াইটার দিকে বাড়ির গ্রীল কেটে ৪ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমে চেয়ারম্যানকে বেঁধে পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রীকে মারধর করে এবং ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার দাবি করে। এ সময় অস্ত্র দিয়ে আঘাত করলে তার স্ত্রীর একটি দাঁত পড়ে যায় বলে তিনি জানান। পরবর্তীতে আলমারির চাবি নিয়ে দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ইমিটেশনের গহনা ও কিছু বৈদেশিক মুদ্রা নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী জি এম আমান উল¬াহ জানান, আমি অসুস্থ মানুষ, দৌড়াদৌড়ি করতে পারবো না, এ বিষয়ে আমি কোনো মামলা করবো না।
ঘটনার পর ডুমুরিয়া থানা ও রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বাবর আলী বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, দস্যুরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কিছু মালামাল নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবার এখনও কোনো মামলা করেনি। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে, স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ