খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ কে হারবে, জানাল ‘বিড়াল মিলু’

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৬ পি.এম | ০৫ জুলাই ২০২৬

 

বিশ্বকাপে মাঠের লড়াই যেমন উত্তেজনা ছড়াচ্ছে, তেমনি মাঠের বাইরেও তৈরি হয়েছে ভিন্ন এক কৌতূহল। কোনো বিশ্লেষক বা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পোষ্য বিড়াল। ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচের ফল মিলিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়া ‘মিলু’ এবারও ভবিষ্যদ্বাণী করেছে নরওয়েকে হারিয়ে শেষ আটে উঠবে ব্রাজিল।

বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ফল আগে থেকেই অনুমান করে বেশ আলোচনায় আসে মিলু। একের পর এক পূর্বাভাস মিলে যাওয়ায় অনেক ফুটবল সমর্থকের কাছেও এটি কৌতূহলের বিষয় হয়ে ওঠে। যদিও শনিবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস সঠিক হয়নি, তবু ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে নতুন করে আবারও নিজের ‘রায়’ দিয়েছে এই বিড়াল।

মিলুর নির্বাচনে এগিয়ে রয়েছে ব্রাজিল। তার মতে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষ ষোলোর ম্যাচে জয় পাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবং নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

বিশেষ করে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর আগের সব পূর্বাভাস সঠিক হওয়ায় সেলেসাও সমর্থকদের একটি অংশ তার ভবিষ্যদ্বাণী নিয়ে বেশ আগ্রহী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

এক ব্রাজিল সমর্থক লিখেছেন, জাপানের বিপক্ষে ম্যাচে দল পিছিয়ে পড়লেও তিনি মিলুর পূর্বাভাসে আস্থা রেখেছিলেন। শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছিল। এবারও ব্রাজিলের জয় দেখছেন তিনি।

মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, প্রতিটি ম্যাচের আগে দুটি একই ধরনের বাটিতে খাবার রাখা হয়। দুই বাটির পেছনে থাকে প্রতিদ্বন্দ্বী দুই দলের পতাকা। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে আগে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে এই প্রক্রিয়া নিয়ে সমালোচনাও কম নয়। অনেকের অভিযোগ, বিড়ালটিকে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট একটি বাটির দিকে পরিচালিত করা হয়। যদিও এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন নাতান। তার দাবি, পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয় এবং সেখানে কোনো ধরনের কারসাজির সুযোগ থাকে না। মিলুই নিজের পছন্দ অনুযায়ী খাবারের বাটি নির্বাচন করে।

শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো পূর্বাভাস ভুল হলেও, ব্রাজিল-নরওয়ে ম্যাচে মিলুর নতুন ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটাই এখন দেখার বিষয়।

প্রিন্ট

আরও সংবাদ