খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

দেবহাটায় মৎস্য ঘের থেকে মাছ লুটে বাধা দেয়ায় মালিককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪০ পি.এম | ০৫ জুলাই ২০২৬


সাতক্ষীরার দেবহাটায় একটি মৎস ঘের থেকে জোরপূর্বক মাছ লুট করে নেওয়ার সময় বাধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাত ৪টার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকায় মৎস্যঘেরে এ ঘটনা ঘটে। আহত ঘের মালিক মোঃ ইয়াদিন আলী মোল্যা দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। আহত অবস্থায় তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার ইয়াদিন মোল্যা জানান প্রতিদিনের ন্যায় রাতে তিনি নিজের মৎস্য ঘের পাহারায় ছিলেন। ভোর রাত ৪টার দিকে দুর্বৃত্তরা মাছের ঘেরে নেমে আটল থেকে মাছ ঝেড়ে নিতে থাকে। এসময় দুর্বৃত্তদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে তিনি চিনে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকার শুনে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় মৎস্য চাষী খায়রুল ইসলামসহ আরো বেশ কয়েকজন জানান, গোন মুখে প্রায় প্রতি রাতেই দুর্বৃত্তরা কোন না কোন ঘেরের মাছ জোরপূর্বক লুট করে নিয়ে যাচ্ছে। চোখের সামনে দুর্বৃত্তরা ঘেরের অটল ঝেড়ে মাছ নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদের কিছুই বলতে পারছি না। তাদের কাছে থাকা অস্ত্রের ভয়ে আমরা কেউ কিছু বলতে সাহস পাই না। তারা ঘের থেকে মাছ লুটের ঘটনা বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। 
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন ঘের থেকে মাছ লুটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ