খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আঙিনায় ক্লিনিক

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ৪৩ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

এইচ এম মইনুল ইসলাম, মোরেলগঞ্জ |
১১:৪২ পি.এম | ০৫ জুলাই ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতির বিরুদ্ধে হাসপাতাল আঙিনায়ক ক্লিনিক স্থাপন, ৪৩ লক্ষাধিক টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণে দাবি জানিয়েছে ‘দুর্নীতি বিরোধী জোট, মোরেলগঞ্জ’ নামে একটি সংগঠন। রোববার সকালে সংগঠনের ব্যানারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নিয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতির অপসারণ দাবি করেন। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র বিতরণ করা হয়। ওই অভিযোগপত্রে দাবি করা হয় ২০২৫-২০২৬ অর্থবছরের এমএসআর (রোগীদের ওষুধপত্র) ক্রয়ের জন্য বরাদ্দ ৪৩ লক্ষাধিক টাকা যথাযথভাবে ব্যয় না করে আত্মসাত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া হাসপাতাল থেকে রোগী অন্যত্র নিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসা প্রদান, সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, অবৈধ মেডিকেল সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ এবং ব্যক্তিগত ক্লিনিকে রোগী স্থানান্তরের অভিযোগও উত্থাপন করা হয়েছে। অভিযোগপত্রে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে জোরপূর্বক বিল-ভাউচারে স্বাক্ষর নেওয়া, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আর্থিক অনিয়ম, ঘন ঘন স্টোরকিপার ও হেড ক্লার্ক পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি এবং হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট তৈরির মতো বিষয়ও তদন্তের দাবি করা হয়। এছাড়া অভিযোগে চিকিৎসাসেবা সংক্রান্ত নানা অনিয়মের কথাও উলে­খ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানববন্ধনে এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, মোঃ বশির উদ্দিন, আব্দুল­াহ আল মামুন, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। 
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতির তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

প্রিন্ট

আরও সংবাদ