খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

কলকাতার বিলাসবহুল এ্যাপার্টমেন্টে থাকেন শেখ হেলাল ও জুয়েল, ভাড়া ৭ লাখ

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ০৬ জুলাই ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল বর্তমানে ভারতের কলকাতার নিউ টাউন এলাকার একটি বিলাসবহুল আবাসিক কমপ্লেক্সে বসবাস করছেন বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক এ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। জুলাই গণ-অভ্যুত্থানকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের বর্তমান অবস্থান অনুসন্ধানের অংশ হিসেবে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, হত্যা, দুর্নীতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল কলকাতার নিউ টাউনে অবস্থিত দ্য ভি (ঞযব ঠ) নামের একটি বিলাসবহুল এ্যাপার্টমেন্ট টাওয়ারে পৃথক দু’টি চার বেডরুমের ফ্ল্যাটে বসবাস করছেন। একই কমপ্লেক্সে পাঁচতারকা ওয়েস্টিন হোটেলও অবস্থিত।
পোস্টে আরও দাবি করা হয়, দুইটি এ্যাপার্টমেন্টের ভাড়া ও সার্ভিস চার্জ বাবদ প্রতি মাসে প্রায় সাত লাখ ভারতীয় রুপি পরিশোধ করা হচ্ছে। ভবনটিতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় তাদের বাইরে খুব কমই যেতে হয়। তবে কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত ওয়েস্টিন হোটেলের বিভিন্ন রেস্তোরাঁয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদের নিয়মিত বৈঠক করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।
জুলকারনাইন সায়েরের ভাষ্য অনুযায়ী, শেখ সালাহউদ্দিন জুয়েল তার স্ত্রীর সঙ্গে সেখানে বসবাস করছেন এবং তাদের দুই সন্তান নিয়মিত ভারতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে শেখ হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীকে দেখা না গেলেও ছেলে শেখ তন্ময়কে কিছুদিন পরপর সেখানে যেতে দেখা যায় বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ভারতে অবস্থানরত একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বাছাইকৃত কয়েকজন নেতা-কর্মীরও ওই আবাসিক কমপ্লেক্সে নিয়মিত যাতায়াত রয়েছে বলে দাবি করেন জুলকারনাইন সায়ের।

প্রিন্ট

আরও সংবাদ