খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

১৬ জুলাই শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা

মহানগর পূজা উদযাপন পরিষদের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ০৬ জুলাই ২০২৬


‘যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ’ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার সাড়ম্বরে উদযাপিত হবে। বাংলাদেশের বিভিন্ন স্থানে এ উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সার্বিক পরিচালনায় এবং শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), খুলনা’র আয়োজনে বিকেল সাড়ে ৩টায় নগরীর স্যার ইকবাল রোডস্থ গোলকমণি শিশু পার্কে উৎসবমুখর পরিবেশে মহাধুমধামের সাথে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় জগন্নাথদেবের পোস্টার ও প্যানা প্রদর্শিত হচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সম্মানিত অতিথি থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজ। 
উদ্বোধন শেষে ভক্তবৃন্দ জগন্নাথদেবের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শঙ্খ-ঘণ্টা, বাদ্যযন্ত্র বাজিয়ে নামসংকীর্ত্তন করতে করতে শোভাযাত্রা সহকারে বিভিন্ন মন্দির থেকে আগত শ্রীশ্রীজগন্নাথদেবের রথের দড়ি টেনে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে প্রবেশ করবে। রথ চলার পথে পিপাসার্ত ভক্তদের জলছত্রের মাধ্যমে পিপাসা নিবারণ ও প্রেমকানন অঙ্গণে প্রসাদ বিতরণ করা হবে। শ্রীশ্রীজগন্নাথদেবের রথ আগামী ২৪ জুলাই (৮ দিনব্যাপী) শুক্রবার পর্যন্ত প্রেমকাননে অবস্থান করবে এবং ২৪ জুলাই উল্টোরথযাত্রার মাধ্যমে রথ স্ব-স্ব মন্দিরে প্রত্যাবর্তন করবে।  
প্রেমকাননে অবস্থানকালে প্রতিদিন ঊষাকীর্ত্তন, বাল্যভোগ, মধ্যাহ্নে ভোগরাগ, সন্ধ্যারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, বৈদিক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, নামকীর্ত্তন ও মেলা অনুষ্ঠিত হবে। উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রত্যহ প্রসাদ বিতরণ করা হবে। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এ প্রতিবেদককে বলেন, আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠান নগরীর গোলক মণি শিশু পার্কে অনুষ্ঠিত হবে এবং উদ্বোধন শেষে ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে জোড়াগেটস্থ প্রেমকাননে যাবেন। সেখানে অবস্থানকালে প্রতিদিন ঊষাকীর্ত্তন, বাল্যভোগ, মধ্যাহ্নে ভোগরাগ, সন্ধ্যারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, বৈদিক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, নামকীর্ত্তন ও মেলা অনুষ্ঠিত হবে। উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রত্যহ প্রসাদ বিতরণ করা হবে। তিনি এই অনুষ্ঠানকে সফল করতে সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দকে যোগদান এবং সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।  
 

প্রিন্ট

আরও সংবাদ