খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৬ পি.এম | ০৬ জুলাই ২০২৬

 

প্রায়শ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর আড়ালে থাকেন আর্লিং হালান্ড। অথচ এই নরওয়েজিয়ান তারকা রূপকথা লিখে চলেছেন নিজের অভিষেক বিশ্বকাপে। মেসি-এমবাপের সমান ৭টি গোল করে হালান্ডও এখন গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেলেন। একইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো আসরে তিন ফুটবলার করলেন ন্যূনতম ৭ গোল।

গতকাল (রোববার) দিবাগত রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায় নিশ্চিত করেছে নরওয়ে। হালান্ডের জোড়া গোলে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি ২-১ ব্যবধানে জিতে প্রথমবারের মতো উঠল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। মেসি-এমবাপের ছায়া মাড়িয়েই স্বতন্ত্র গল্প লিখছেন হালান্ড।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আগেই গোলমেশিন তকমা পেয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ১৪ ম্যাচে ২৭ গোল করে নামের প্রতি পূর্ণ সুবিচার করছেন হালান্ড। ব্রাজিলকে বিদায় করে নরওয়ের ইতিহাসগড়া অবস্থান এখনও তার কাছে অবিশ্বাস্য। তার মতে, এমন রাত নরওয়েতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশ্বকাপের মাত্র শেষ ষোলো চলছে, এখনই এক আসরে ভিন্ন তিন ফুটবলারের সাত গোল করার রেকর্ডের সাক্ষী হলো ফুটবলবিশ্ব। নিশ্চয়ই সামনে আরও কোনো বিস্ময় আসতে চলেছে। অভিষেক বিশ্বকাপ খেলতে নেমে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডেও নাম লিখিয়েছেন হালান্ড। একই রেকর্ড আছে কেবল পোল্যান্ডের গ্রেজেগর্জ লাতোর (১৯৭৪)। অথচ মেসি (১), এমবাপে (৪), রোনালদোরা (১) নিজেদের অভিষেক বিশ্বকাপে সম্মিলিতভাবেও ৭ গোল করেননি।

বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় ম্যাচে একাধিক গোল করলেন হালান্ড। যা তৃতীয় সর্বোচ্চ। এক আসরে তার চেয়ে বেশি একাধিক গোলের রেকর্ড আছে কেবল দু’জনের। জাস্টিন ফন্টেইন (১৯৫৮ বিশ্বকাপের ৪ ম্যাচে একাধিক গোল) ও স্যান্ডর কোচসিস (১৯৫৪ আসরের ৪ ম্যাচে)। এ ছাড়া ব্রাজিলের বিপক্ষে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া গোল করলেন হালান্ড (বাকি দুজন জার্মানির টনি ক্রুস ও আন্দ্রে শুরলে)।

এ ছাড়া বিশ্বকাপ ইতিহাসে কেবল চতুর্থ ফুটবলার হিসেবে ন্যূনতম চার ম্যাচে জয়সূচক গোলের রেকর্ড গড়লেন হালান্ড। সমান চার ম্যাচে জয়সূচক গোলের রেকর্ড আছে সালভাতোর শিল্লাচি ও গার্ড মুলারের। একমাত্র গ্রেজেগর্জ বিশ্বকাপের ৫ ম্যাচে জয়সূচক গোল করেন। 

প্রিন্ট

আরও সংবাদ