খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩

সরকারি সম্পত্তি আত্মসাৎ : সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

খবর প্রতিবেদন |
০৩:৩৩ পি.এম | ০৬ জুলাই ২০২৬


রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হয়েছে।

আসামিদের করা অব্যাহতির (ডিসচার্জ) আবেদন নামঞ্জুর করে সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।

গত ২০ মে এ মামলার চার্জ ও ডিসচার্জের আবেদনের শুনানি শেষ হয়। এরপর আদেশের জন্য ৬ জুলাই দিন ধার্য করেন।

সে অনুযায়ী আজ কারাগারে থাকা সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক, মোহাম্মদ আব্দুল মঈন, ইফফাত হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

এদিন দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর শামীম হোসেন। আসামিপক্ষে ছিলেন জেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, আলহাজ্ব বোরহান উদ্দিন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন।

পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন

প্রিন্ট

আরও সংবাদ