খুলনা | মঙ্গলবার | ০৭ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩

মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

মোল্লাহাট প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ০৭ জুলাই ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হাতে সোহাগ শেখ (২৮) নামে এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সোয়া ৯ টার দিকে উদয়পুর সদর ইউনিয়নের গোলারচক গ্রামে। নিহত সোহাগ উক্ত গ্রামের নাসির শেখের ছেলে।
জানা গেছে, রাতে স্থানীয় দাউদ চৌকিদারের দোকানের সামনে সোহাগ শেখ ও তার চাচাত ভাই আওয়াল শেখের ছেলেরা খেলা নিয়ে ঝগড়া বিবাদ করে। এসময় সোহাগ তাদের উভয় পক্ষকে চড় থাপ্পড় দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে ছেলেদের বাড়ি পাঠিয়ে দেয়। রাত ৯ টার দিকে আওয়াল শেখ (২৬) বাড়িতে ফিরে তার সন্তানকে সোহাগ প্রহর করেছে শুনে উত্তেজিত হয়ে ছুরি হাতে নিয়ে দাউদ চৌকিদারের দোকানের সামনে সোহাগকে ছুরিকাঘাত করে। এসময় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে রাত সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়। নিহত সোহাগ শেখ ৩ সন্তানের জনক। তিনি ভ্যানে করে ছোলা মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান বাচ্চাদের খেলা নিয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আওয়াল শেখ তার হাতে থাকা ছুরি দিয়ে সোহাগ শেখকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে মামলা রুজুপুর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ