খুলনা | বৃহস্পতিবার | ০৯ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে ১১২ শিক্ষাপ্রতিষ্ঠান

খবর প্রতিবেদন |
০৩:০১ পি.এম | ০৭ জুলাই ২০২৬

 

টানা পাঁচ বছর শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ১১২টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে এ সিদ্ধান্ত কার্যকরের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকদের কাছে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ১১২টি প্রতিষ্ঠান গত পাঁচ বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করেনি। এ কারণে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানের সময় আরোপিত অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ