খুলনা | মঙ্গলবার | ০৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩

ফের কমল জেট ফুয়েলের দাম

খবর প্রতিবেদন |
০৫:৩৩ পি.এম | ০৭ জুলাই ২০২৬

 

দেশে বিমান পরিবহনে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১-এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট এ-১-এর মূল্য ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে এ দাম ছিল ১৫০ টাকা ২১ পয়সা। ফলে এক মাসের ব্যবধানে লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা। একই সঙ্গে দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১-এর মূল্য প্রতি লিটার ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের আদেশ অনুযায়ী নতুন মূল্যহার মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেট, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের কারণে পরিবহন ব্যয়ের প্রভাব বিবেচনায় প্রতি মাসে জেট এ-১-এর মূল্য সমন্বয় করা হয়। ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জুলাই মাসের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১-এর মূল্য ছিল প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা। নতুন সিদ্ধান্তে তা কমে ১৩০ টাকা ৯৯ পয়সায় নেমে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ