খুলনা | বৃহস্পতিবার | ০৯ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩

সাবেক আইন কর্মকর্তা ও নিষিদ্ধ আ’লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ

খবর প্রতিবেদন |
০২:১১ এ.এম | ০৮ জুলাই ২০২৬


জামালপুরে সাবেক আইন কর্মকর্তা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এড. মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের পাঁচরাস্তার মোড় এলাকার মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় ওই কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় সাবেক আইন কর্মকর্তা আওয়ামী লীগের নেতা কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি দু’টি পাইপগান, নাইন এম এম পিস্তলের চারটি গুলি, শটগানের চারটি গুলি, ছয়টি ককটেল, দু’টি পেট্রোল বোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তালা ভেঙে ওই আইনজীবীর অনুপস্থিতিতেই তার কার্যালয়ে প্রবেশ করে পুলিশ। এ সময় কার্যালয়ের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে এ ঘটনায় কামরুল হাসান মনি বা সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের শাসনামলে তিনি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জামালপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ