খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

১২নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ

গণতন্ত্র সুসংহত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাহফুজুর

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ০৮ জুলাই ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ করেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়।’ নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে যথাযথভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, ঈদ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ড ও সেবামূলক রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। 
মঙ্গলবার বিকেলে ১২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।  
১২নং ওয়ার্ড আমীর মাওলানা আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি খান আমানুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি আব্দুল আওয়াল। অন্যান্যের মধ্যে থানা সহকারী সেক্রেটারি হিমেল হোসেন, লিগাল এইড সম্পাদক হেমায়েত হোসেন, ১২ নং ওয়ার্ড অফিস সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল, ওয়ার্ড রাজনৈতিক সেক্রেটারি মুজিবুর রহমান বাবুল, ডাঃ মোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা সিরাজ মজুমদার, হেলাল উদ্দিন, বেবি জামান, সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।  
মহানগরী আমীর আরও বলেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে সরকার যে প্রতিশ্র“তি দিয়েছিল, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছে। তিনি বলেন, ‘গণতন্ত্র সুসংহত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাদ দিয়ে যারা গণতন্ত্রের কথা বলে, তারা মূলত স্বৈরতন্ত্র কায়েমের পথে হাঁটছে।’ তিনি দাবি করেন, জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে যে আন্দোলন-সংগ্রাম গড়ে উঠেছে, তার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন না করলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে।
বাংলাদেশের মানুষ রক্তপাত ও অধিকার হরণের গণতন্ত্র চায় না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, জনগণ চায় এমন এক রাষ্ট্রব্যবস্থা, যেখানে মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ