খুলনা | বুধবার | ০৮ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

খবর প্রতিবেদন |
০২:৩৭ এ.এম | ০৮ জুলাই ২০২৬

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভাগের সব জেলায় আজ বুধবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে, অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

‎মঙ্গলবার মধ্য রাত একটার পর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যখন এ ঘোষণা চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দিল তখন পরীক্ষার বাকি মাত্র ৯ ঘণ্টা।

‎এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং রাত পৌনে ১২টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

‎কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এ বিভাগের সব জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে স্থগিত পরীক্ষার সূচি পরে জানানোর কথা বলা হয়।

‎এদিন অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

‎চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসকদের প্রতিবেদনের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

‎চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

গত ১ জুলাই পরীক্ষা শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে ৩ সেট করে প্রশ্ন করা হয়েছে।

‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ