খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

‘রূপসায় ৩৪টি মৌজা নিয়ে কেডিএ নান্দনিক পরিকল্পনা হাতে নিয়েছে’ : রূপসায় কেডিএ চেয়ারম্যান

‘খুলনায় পরিকল্পিত টেকসই উন্নয়নে প্রকল্প গ্রহণ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক ও রূপসা প্রতিনিধি |
০২:৫১ এ.এম | ০৯ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করে শতভাগ জনকল্যাণমুখী জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান। সে কারণেই দেশের উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে জনগনের প্রতিনিধি নিযুক্ত করেছেন। খুলনায় পরিকল্পিত টেকসই উন্নয়নে প্রকল্প গ্রহন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। যশোরের নওয়াপাড়া থেকে শুরু করে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত কেডিএ’র আওতাধীন এলাকাসমূহে গৃহীত প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক খুলনা অঞ্চল বিনির্মাণে প্রকল্প হাতে নেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে রূপসা উপজেলার ৩৪টি মৌজা নিয়ে কেডিএ একটি নান্দনিক পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। 
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা পরিষদের মিলনায়তনে ‘রূপসা উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। একই সাথে আগামী ১১ জুলাই সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগনের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় খুলনার সর্বস্তরের মানুষকে অংশগ্রহনের আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
কেডিএ চেয়ারম্যান আরও বলেছেন, আমি দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নির্দেশ দিয়েছি-কেডিএ হবে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। যত বড় ফাইলই হোক, সাতদিনের মধ্যে ফাইল ছেড়ে দিবেন। খুলনাবাসীকে অযথা হয়রানি করবেন না। কারো বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেডিএ হবে বৃহত্তর খুলনাবাসীর, সবার প্রতিষ্ঠান। একটা সময় কেডিএতে সবাই ঢুকতে পারতেন না, কিন্তু এখন প্রয়োজনীয় সেবা গ্রহিতদের জন্য বর্তমানে কেডিএ’র দরজা সবার জন্যই খোলা। সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক খুলনা বিনির্মাণের পাথেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। কেডিএ’র এ ধরনের উদ্যোগ জনগণকে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রূপসা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখার আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সূচনা বক্তৃতা করেন কেডিএ’র নগর পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ। কেডিএ’র সহকারী নগর পরিকল্পনাবীদ মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় রূপসার অন্তত ১৩ জন স্থানীয় বাসিন্দা তাদের মতামত তুলে ধরেন।
এ সময় আরও বক্তৃতা করেন কেডিএ’র সদস্য রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, খুলনা জেলা রেড ক্রিসেন্ট’র সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু, ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান সাইফ, রাজনৈতিক ব্যক্তিত্ব জাবেদ হোসেন মল্লিক ও এম এ সালাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা  তারেক ইকবাল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক রয়েল আজম, ইসমাইল হোসেন, হুমায়ূন কবীর, যুবদল নেতা মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান বেলাল, যুবদল নেতা শরিফুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, সেলিম রেজা, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, ফ ম মনিরুল ইসলাম, যুবদল নেতা মুন্না সরদার।

প্রিন্ট

আরও সংবাদ