খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |
১১:০৩ পি.এম | ০৯ জুলাই ২০২৬

 

খুলনা রেলস্টেশন থেকে প্রায় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লা নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। স্বর্ণের উৎস এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। আটক মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেছেন, তিনি ঢাকা থেকে খুলনায় এসে নড়াইলে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অবস্থান করছিলেন। তবে তার বক্তব্য এবং উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে সন্দেহ থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি মামলার তথ্যও যাচাই করা হচ্ছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের প্রকৃত উৎস, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

খুলনা রেলওয়ে থানার ওসি মো. সেতু সালাম খান বলেন, তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ