খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

খবর প্রতিবেদন |
০১:৩৮ এ.এম | ১০ জুলাই ২০২৬


কঙ্গো চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জনে পৌঁছেছে। মাত্র তিন দিন আগে মৃতের সংখ্যা ৫০০ ছাড়ানোর পর নতুন এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 
বৃহস্পতিবার প্রকাশিত ডব্লিউএইচও’র হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত মে মাসের মাঝামাঝি প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৭৫৯ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৬০০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেশী উগান্ডাতেও ইবোলা ছড়িয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত ২০টি সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
ডিআর কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ডব্লিউএইচও জানিয়েছে, দেশটিতে বর্তমানে ইবোলার মৃত্যুহার প্রায় ৩৪ শতাংশ। এছাড়া ২৮৫ জন রোগী সুস্থ হয়েছেন এবং আরও ৩০৪টি সন্দেহভাজন সংক্রমণের তদন্ত চলছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শুরু হওয়া এই প্রাদুর্ভাব ইতোমধ্যে চারটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খনিজ সম্পদ সমৃদ্ধ ইতুরি প্রদেশ, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্ডিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাস, যার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
তবে সম্ভাব্য দু’টি চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে গত ২ জুলাই ডিআর কঙ্গোতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এতে এমবিপি-১৩৪ নামের একটি মনোক্লোনাল অ্যান্টিবডি এবং অ্যান্টিভাইরাল ওষুধের কার্যকারিতা এককভাবে ও যৌথভাবে পরীক্ষা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ