খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

বেনাপোল প্রতিনিধি |
০২:১০ এ.এম | ১০ জুলাই ২০২৬


ভারতে অবৈধভাবে প্রবেশ করে দুই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন জারা ইসলাম ওরফে রানী (১৯) নামে এক বাংলাদেশি তরুণী। বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল (হরিদাসপুর) ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
কাগজপত্রের তথ্য এবং স্থানীয় সূত্রে জানা যায়, হস্তান্তরিত তরুণী জারা ইসলাম ওরফে রানী ইসলাম দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সৈয়দপুর (শিকদারহাট) গ্রামের আশাদুল রহমানের মেয়ে। ভালো কাজের প্রলোভনে পড়ে প্রায় দুই বছর আগে তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে ওড়িশার কটক অঞ্চলের মহিলা পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। দীর্ঘ দুই বছর কারাভোগের পর দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষে থার্ড সেক্রেটারি (কনসুলার) মোঃ আরিফুর রহমান গত ১০/০৬/২০২৬ তারিখে তার জন্য একটি বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করেন। পরবর্তীতে এফআরআরও (ঋজজঙ) হায়দ্রাবাদ থেকে গত ০২/০৭/২০২৬ তারিখে এক্সিট পারমিট পাওয়ার পর আজ বাংলাদেশ সময় বিকেল ৪:৪০ মিনিটে তাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে আইনি প্রক্রিয়া এবং পুনর্বাসনের জন্য বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস এ্যান্ড কেয়ার’ ওই তরুণীকে তাদের জিম্মায় নিয়েছে। সংস্থাটি তাকে আপাতত তাদের শেল্টার হোমে রাখবে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ