খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:৩৯ পি.এম | ১০ জুলাই ২০২৬


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পণ্যবাহি ট্রাক থেকে ২১৬ টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এঘটনায় একটি ভারতীয় ট্রাকসহ চালক ও হেলপার দুই জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে ভোমরা চেকপোষ্ট এলাকা থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।

আটক দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে ট্রাক চালক সমরেশ দাস ও বসিরহাট গ্রামের মৃতঃ সুধীর মন্ডলের ছেলে হেলপার রাম মন্ডল।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী একটি ট্রাক ডায়মন্ডের নাকফুল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে বিজিবি ভোমরা চেকপোষ্টের একটি আভিযানিক দল কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে ভারতের ঘোজাডাংগা স্থলবন্দর হতে একটি রপ্তানী পণ্যবাহি ভারতীয় ট্রাক ভোমরা চেকপোষ্টে প্রবেশ  করলে সেখানে অবস্থানরত বিজিবির আভিযানিক দলের সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশী করে। পরে ট্রাক থেকে ২১৬ টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময়ে অবৈধভাবে চোরাচালানের দায়ে ট্রাকের চালক সমরেশ দাস ও হেলপার  রাম মন্ডলকে আটক করা হয়। জব্দ করা হয় ভারতীয় ট্রাকটি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এই বিশেষ আভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ডায়মন্ডের নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং জব্দকৃত ভারতীয় ট্রাকের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকাসহ মোট এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় ডায়মনন্ডের নাকফুল চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ