খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

এইচএসসির খাতা পলিথিনে মুড়িয়ে বোর্ডে পাঠানোর জরুরি নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১১ জুলাই ২০২৬


চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে এইচএসসি পরীক্ষার খাতা নষ্ট হওয়া ঠেকাতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এখন থেকে পরীক্ষা কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র ও ওএমআর শিট ডাকযোগে বোর্ডে পাঠানোর ক্ষেত্রে খাকি কাপড়ের প্যাকেটের ভেতরে বাধ্যতামূলকভাবে পলিথিনের আস্তরণ বা মোড়ক ব্যবহার করতে হবে। একই সঙ্গে ডাকযোগের সেই প্যাকেটের গায়ে স্পষ্ট অক্ষরে ‘উত্তরপত্র’ বা ‘ও’ লিখে দিতে বলা হয়েছে।
শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো থেকে ওএমআর এবং উত্তরপত্র খাকি কাপড়ে মুড়িয়ে ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু স¤প্রতি লক্ষ্য করা গেছে, বেশ কিছু পরীক্ষা কেন্দ্র খাকি কাপড় ব্যবহার করছে না। আবার অনেক কেন্দ্র প্যাকেটের গায়ে ‘ওএমআর’ বা ‘উত্তরপত্র’ সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেই পাঠাচ্ছেন। এর ফলে বোর্ড কর্তৃপক্ষের ফাইল ও উত্তরপত্র ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের জটিলতা ও সমস্যার সৃষ্টি হচ্ছে। চলমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে উত্তরপত্র যেন কোনো ভাবেই ভিজে না যায়, তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র পাঠানোর সময় প্রথমত সেগুলো পলিথিনের প্যাকেটে সুরক্ষিত করতে হবে। এরপর তা খাকি কাপড়ের প্যাকেটে ভরে ওপরে সুনির্দিষ্ট ভাবে ‘ওএমআর’ অথবা ‘উত্তরপত্র’ লিখে ঢাকা শিক্ষা বোর্ডে ডাকযোগে পাঠাতে হবে।
এই আদেশকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, কাছেও পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ