খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

সরকারি প্রতিষ্ঠান ১০টিসহ মোট ৬২টি স্টল ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন আজ

আল মাহমুদ প্রিন্স |
০১:৪৩ এ.এম | ১১ জুলাই ২০২৬


‘বৃক্ষরোপণে  সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। ইতোমধ্যে মেলায়  স্টল ও মঞ্চ তৈরির পাশাপাশি সকল কাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউজ মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে,  প্রতি বছর বর্ষা মৌসুমে এ মেলার আয়োজন করা হয়। গেল বছরের তুলনায় এ বছর মেলায় বেড়েছে দু’টি স্টল। সরকারি প্রতিষ্ঠানের ১০টিসহ মোট ৬২টি স্টল থাকবে। নার্সারী মালিকরা ইতোমধ্যে স্টল বরাদ্দ নিতেও শুরু করেছেন। নার্সারী মালিকরা মেলাকে প্রাণবন্ত করতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও শোভাবর্ধণ জাতীয় গাছের চারা স্টলে সাজিয়ে রাখবেন এমন মন্তব্য করেছেন। উদ্বোধন অনুষ্ঠানের আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ’র চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
এদিকে মাসব্যাপী এ মেলা সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাকবে একটি নিয়ন্ত্রণ কক্ষ। যেকোন সেবা পেতে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে হবে। গোটা মেলা প্রাঙ্গণ থাকবে সিসি টিভির আওতায়। উল্লেখ্য, গেল বছর ৭ জুলাই সার্কিট হাউজ মাঠে মেলার উদ্বোধন করা হয়। 
এদিকে মাসব্যাপী এ বৃক্ষমেলার মিয়মিত মিডিয়া কভারেজের জন্য খুলনায় কর্মরত সাংবাদিকদের বিশেষ অনুরোধ জানিয়েছে খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ। ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলা সংক্রান্ত সংবাদের উপর ভিত্তি করে প্রচারিত সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে খুলনার স্থানীয় পত্রিকার জন্য ৩টি, জাতীয় পত্রিকার জন্য ৩টি ও টেলিভিশনের জন্য ৩টি করে পুরস্কার প্রদান করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ