খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা

ক্রীড়া প্রতিবেদক |
০২:২৭ পি.এম | ১১ জুলাই ২০২৬


ম্যাচের টিকিট তো বটেই, এখন বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ফাইনালের মাঠ থেকে সংগ্রহ করা প্রতিটি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা।

ফিফার আনুষ্ঠানিক অনলাইন বিক্রয়কেন্দ্রে পণ্যটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ পিস অব দ্য পিচ’। ফাইনাল শেষ হওয়ার পর মাঠ থেকে ঘাসের টুকরো সংগ্রহ করে সেগুলো ক্রেতাদের কাছে পাঠানো হবে।

সাধারণভাবে কেটে নেওয়া ঘাস অবশ্য সরাসরি পাঠানো হবে না। মাঠের আসল ঘাসের টুকরো একটি স্বচ্ছ অ্যাক্রিলিক স্মারকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক এবং ঘাসটি আসল হওয়ার নিশ্চয়তা দেওয়া বিশেষ প্রমাণপত্র। পুরো আয়োজনটি দেওয়া হবে একটি আকর্ষণীয় বাক্সের মধ্যে।

ফিফার দাবি, এটি শুধু একটি পণ্য নয়, ফুটবল ইতিহাসের একটি আসল অংশ সংগ্রহে রাখার সুযোগ। মূলত সংগ্রাহক এবং ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখেই স্মারকটি তৈরি করা হয়েছে।

তবে পণ্যটির মাপ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ফিফার বিক্রয়কেন্দ্রে প্রতিটি স্মারকের মাপ ১৭.৫ বাই ১৭.৫ বাই ১৭.৫ লেখা থাকলেও সেটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার, তা উল্লেখ করা হয়নি। বিষয়টি জানতে বার্তা পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা।

বর্তমানে স্মারকটি শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর সুযোগ রয়েছে। ফাইনালের আগে কোনো ক্রেতার কাছেই এটি পৌঁছাবে না। ফিফার অনলাইন বিক্রয়কেন্দ্রে পণ্যটি আপাতত বিক্রি শেষ হিসেবেও দেখানো হচ্ছে।

চড়া টিকিটের দাম নিয়ে সমালোচনার মধ্যেই ফাইনালের মাঠের ঘাস বিক্রির এই উদ্যোগ নিয়েছে ফিফা। সাধারণ শ্রেণির ফাইনাল টিকিটের মূল্য সর্বোচ্চ ৩২ হাজার ৯৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪১ লাখ টাকা। খাবার ও পানীয়সহ বিশেষ আতিথেয়তা টিকিটের দাম উঠেছে ৩৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত।

মেটলাইফ স্টেডিয়ামের মাঠ নিয়েও পুরো বিশ্বকাপজুড়ে আলোচনা হয়েছে। নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের এনএফএল ম্যাচে স্টেডিয়ামটিতে সাধারণত কৃত্রিম মাঠ ব্যবহার করা হয়। বিশ্বকাপের জন্য সেখানে প্রাকৃতিক ঘাস বসানো হলেও মাঠের মান নিয়ে বিভিন্ন সময়ে অসন্তোষ জানিয়েছেন খেলোয়াড় ও কোচেরা।

সেই সমালোচিত মাঠই এবার সংগ্রাহকদের জন্য হয়ে উঠছে দামি স্মারক। ৪৫০ ডলার খরচ করলে তাদের ঘরে পৌঁছে যাবে বিশ্বকাপ ফাইনালের মাঠের এক টুকরো ইতিহাস।

প্রিন্ট

আরও সংবাদ