খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

মতবিনিময় সভায় কেডিএ চেয়ারম্যান

পরিবেশবান্ধব ও পরিকল্পিত খুলনা গড়তে নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক |
০৪:১৩ পি.এম | ১১ জুলাই ২০২৬

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, একটি পরিবেশবান্ধব, জনবান্ধব ও পরিকল্পিত খুলনা গড়ে তুলতে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নগর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে জনগণের চাহিদা ও পরামর্শের ভিত্তিতেই ভবিষ্যৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

শনিবার (১১ জুলাই) সকালে কেডিএ আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেডিএ চেয়ারম্যান বলেন, খুলনার উন্নয়নের মূল অংশীদার নগরবাসী। তাই নতুন প্রকল্প গ্রহণ, পরিকল্পিত নগরায়ণ এবং বিদ্যমান সমস্যার সমাধানে নাগরিকদের সুচিন্তিত মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সভায় অংশগ্রহণকারীদের সব পরামর্শ সংরক্ষণ ও লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, দৌলতপুরের কল্পতরু মার্কেট নির্মাণের পরও তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। তাই ভবনটি অপসারণ করে সেখানে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগও রয়েছে।

ফুলবাড়িগেট এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে উল্লেখ করে এস এম শফিকুল আলম মনা বলেন, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় পরিকল্পিত বাণিজ্যিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। একই সঙ্গে বর্তমান সোনাডাঙ্গা বাস টার্মিনালকে কারাগারের পেছনের বিস্তৃত এলাকায় স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

কেডিএ চেয়ারম্যান জানান, নওয়াপাড়ায় একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে কোরীয় বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়াও প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, কেডিএকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতি তিন মাস অন্তর নাগরিকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হবে। এসব সভায় পাওয়া অভিযোগ, পরামর্শ ও চাহিদা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ্ হারুন, খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিসিবি’র পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড ও কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। কেডিএ কর্তৃক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম।

উন্মুক্ত আলোচনা পর্বে কেডিএ’র নানাবিধ বিষয়ে খুলনা অঞ্চলে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে প্রায় অর্ধশর্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। এছাড়া বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনার হাতে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেন। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান এবং খুলনাবাসীর বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা।

প্রিন্ট

আরও সংবাদ