খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ১৫ ভারতীয় নিহত

খবর প্রতিবেদন |
০৬:০২ পি.এম | ১১ জুলাই ২০২৬

 

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটককে বহনকারী একটি নৌকা উল্টে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দেশটির রাজধানী হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ‘হন মে রুট নগোয়াই’ দ্বীপ থেকে ‘আন থোই’ বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। এতে সকল যাত্রী ও নাবিক পানিতে পড়ে যান।

নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রুসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। স্থানীয় জেলে এবং কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় ২১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা প্রাণ হারান। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখানো চলছে।

এক এক্স বার্তায় সর্বশেষ তথ্য জানিয়ে ভারতীয় দূতাবাস লিখেছে, ‘তারা পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্ক নজর রাখছে এবং ভিয়েতনামের স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তের যোগাযোগ বজায় রেখেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান থাকায় ঘটনাটির সঠিক বিবরণ জানার চেষ্টা করা হচ্ছে।’

দূতাবাস আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পর্যটক ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য হ্যানয়স্থ দূতাবাস ও হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে বিশেষ কন্ট্রোল রুম এবং জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
সূত্র: এনডিটিভি

প্রিন্ট

আরও সংবাদ