খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

খবর প্রতিবেদন |
০৬:১৮ পি.এম | ১১ জুলাই ২০২৬

 

বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

মাহদী আমিন বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশও দিয়েছেন।

এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ