খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগের পক্ষে মিছিল ও পতাকা উত্তোলনের অভিযোগে জুয়েল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
১১:১৭ পি.এম | ১১ জুলাই ২০২৬

 

খুলনা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে রাজপথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মতো গুরুতর অভিযোগে কাজী আখতারুজ্জামান জুয়েল (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) খুলনা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আখতারুজ্জামান জুয়েল খুলনা সদর থানার ৬২ নম্বর ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা কাজী আলী আহমেদের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক পদ-পদবীতে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, ৫ আগস্টের পর দলীয় কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করাসহ পরবর্তী কঠোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো ধরনের অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের দোসরদের ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ